সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে দুই দফা হামলার পর নির্ধারিত কানাইঘাটের পদযাত্রা কর্মসূচিতে যায়নি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সিলেট সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। তারা কানাইঘাট না গিয়ে নির্ধারিত ওসমানীনগরের পদযাত্রায় অংশ নেবেন একটি সূত্র নিশ্চিত করেছে। তবে সে বিষয়ে এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে কানাইঘাট উপজেলায় বিকাল ৩টা থেকেই নির্ধারিত পদযাত্রার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ। তিনি বলেন, “গোলাপগঞ্জে হামলার ঘটনা শুনেছি। আমাদের কর্মসূচি এখনো স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, সে বিষয়েও আমাদের কিছু জানানো হয়নি। আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর প্রবেশের সময় স্থানীয় একদল লোক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও একই ধরনের স্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর উপজেলা গেটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর পাঁচমাইল এলাকায় পৌঁছালে আবারো গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এসব ঘটনায় কেউ আহত হয়নি।
এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। তিনি বলেন, ছাত্রদলের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। বরং দলীয়ভাবে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তিনি আরো দাবি করেন, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা হলেও আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ না নেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে তিনি জেনেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









