ঝালকাঠি সদর উপজেলায় ননদাইয়ের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে আত্মরক্ষার স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছেন দাবি করে ওই নারী অভিযোগ করেন, ননদাই তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মিঠু মল্লিক (৪০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং একটি ফার্মেসি পরিচালনা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বসতঘরে ঘটনাটি ঘটে। এতে মিঠু মল্লিক মারাত্মকভাবে আহত হলে স্বজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
অভিযুক্ত গৃহবধূ জানান, তার স্বামী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং ঘটনার সময় তিনি বিদ্যালয়ে অবস্থান করছিলেন। অন্যদিকে তার ননদও নিজ কর্মস্থলে চলে যান। সেই সুযোগে মিঠু মল্লিক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। দীর্ঘদিন ধরে মিঠু তাকে উত্ত্যক্ত করে আসছিলেন বলেও দাবি করেন ওই গৃহবধূ। তিনি জানান, নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে ঘরে থাকা ব্লেড দিয়ে আক্রমণ প্রতিহত করেন।
তবে গৃহবধূর এই অভিযোগের বিষয়ে আহত মিঠু মল্লিক কিংবা তার স্বজনদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









