ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সদর উপজেলা ও পৌর যুবদল।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ক্লাব সুপার মার্কেট এলাকা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
অভিযানে যুবদলের নেতাকর্মীরা সড়কের পাশের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে মশানিধনক ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে এ কাজে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হয় এমন জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









