ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজাপুরের সমবায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা অভিমুখী 'বরিশাল এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস সমবায় এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক (বরিশাল) থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়াগামী একটি সিএনজি চালিত থ্রিহুইলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রিহুইলারটি ধুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানসহ পালিয়ে যাওয়া বাসটিকে চিহ্নিত করে আটকে অভিযান চালানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









