বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট মো. সেলিম রেজা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট মো. সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চড়িয়া শিকার গ্রামের মো. আব্দুস সাত্তার শেখ ও মাহমুদা খাতুন দম্পতির একমাত্র পুত্র।
পেশাগত ও শিক্ষাজীবনে অত্যন্ত সুনামের অধিকারী অ্যাডভোকেট সেলিম রেজা নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নিয়মিত আইনজীবী হিসেবে যুক্ত হয়ে সফলতার সাথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইন পেশা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতি এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতিরও একজন সম্মানিত সদস্য।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবীর রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্তিতে তাঁর জন্মস্থান উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামসহ পুরো সিরাজগঞ্জ অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের এই অর্জনকে মানবসেবায় উৎসর্গ করে অ্যাডভোকেট মো. সেলিম রেজা বলেন, “রাষ্ট্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পালন করতে পারি—এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। আমার এলাকা উল্লাপাড়ার সার্বিক উন্নয়নসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে আমি চিরকাল নিজেকে নিবেদিত রাখতে চাই।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








