গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) লেন পার হতে গিয়ে অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গাছা থানাধীন আনোয়ার ইস্পাত কারখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মহাসড়কের বিআরটি লেন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রুটিপূর্ণ নকশা এবং সঠিক পরিকল্পনার অভাবে বিআরটি প্রকল্পের এই রাস্তায় প্রায়ই পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছেন। নির্ধারিত পারাপার স্থান ব্যবহার না করা, অসতর্কভাবে রাস্তা পার হওয়া এবং দ্রুতগতির যানবাহনের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম রাব্বানী জানান, নিহতের মরদেহের পরিচয় সনাক্তার কাজ চলছে, পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, কার্যকর নজরদারি এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









