সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। এ সময় মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ দা দিয়ে তার মা, কাকি ও চাচাতো ভাইকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সমীরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









