জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার অভিযোগ উঠেছে। হামলায় ভাঙা কাঁচে আহত হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে।
এতে ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনেরই হাতে কেটে রক্তপাত হয়েছে বলে পোস্টে দাবি করা হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়াও গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুইদফা সিলেটের গোলাপগঞ্জে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









