ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারিিকরণের প্রক্রিয়ায় গতি এসেছে। প্রতিষ্ঠানগুলোকে সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পৃথক তিনটি পত্র জারি করা হয়েছে।
জানা যায়, গত ১ জুলাই ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন উক্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে লিখিত আবেদন জানান। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়—এই তিনটি প্রতিষ্ঠানকে সরকারি করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পত্রে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘোষণায় স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের মতে, প্রতিষ্ঠানগুলো সরকারি হলে এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে চরফ্যাশন ও মনপুরা অঞ্চলের শিক্ষার্থীরা আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. সামছুদ্দিন টিপু বলেন, “স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার অপেক্ষায় ছিল। এই মহতী উদ্যোগে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারিকরণের এই প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পন্ন করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









