জৈন্তাপুরে জনসভা শেষে সিলেট নগরীতে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িতে হামলা ও ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। হামলায় ভাঙা কাঁচে আহত হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন। তবে পুলিশের দাবি, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। অভিযোগটি ভিত্তিহীন।
এদিকে গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে হামলার অভিযোগ করেন নাসিরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে বলা হয়, সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে।
এতে ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনেরই হাতে কেটে রক্তপাত হয়েছে বলে পোস্টে দাবি করা হয়।
পরে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “জৈন্তাপুর সভা শেষে সিলেট নগরীতে ফেরার পথে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট একটি শব্দ হয়। আমাদের গাড়ির কাঁচ ভেঙে গেছে। বড় একটি ইট এসে পড়ে। আমার হাতে ইটের আঘাতের দাগ আছে। মাথায় পড়লে মাথা ফেটে যেত নিশ্চিত।”
তিনি আরও বলেন, “আজকে ইশরাক উসকানি দিয়েছেন, রাশেদ খান উসকানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নই। তবে আমি দলকে বলে দিয়েছি যে তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটি মস্তবড় ভুল করেছেন।”
তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা আমাদের রিমান্ডে নিয়েছিল। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনি মস্তবড় ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা, যা আপনি এক্সপেক্ট করবেন না। আপনি আমাকে ব্যক্তিগতভাবে রক্তাক্ত করেছেন। আপনি আমার বয়সে বড়। ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নেবে। আপনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে রক্তের প্রতিশোধ নেব।”
তিনি আরও বলেন, “যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। সালাউদ্দিন সাহেবকে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছিলাম। তিনি বলেছেন, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, মারা যাব।”
এ প্রসঙ্গে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, “হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদেই জৈন্তাপুর ছেড়েছেন। রাস্তায় তাদের সঙ্গে পুলিশও ছিল। এছাড়া তখন তুমুল বৃষ্টি হচ্ছিল, রাস্তায় মানুষও ছিল না। ফলে হামলার অভিযোগ সঠিক নয়।”
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এবং বৃহস্পতিবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এছাড়া বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির পদযাত্রায় পুলিশ বাধা দেয় বলে দলটির অভিযোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









