পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিংগাবাজার মেইন পয়েন্টের প্রায় ৩০০ ফুট সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কে পানি জমে থাকায় পথচারী, শিক্ষার্থী, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১ আগস্ট) সকাল দশটার দিকে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জলাবদ্ধ সড়কটি পরিদর্শন করেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির নেতা আবু হেনা মোস্তফা কামাল দোলন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে অবলোকন করেন এবং দ্রুত সড়কটির সংস্কার ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষকদলের সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. শাহেদ হাসান, মালঞ্চি ইউনিয়ন বিএনপির নেতা সাইদুল ইসলাম, এখলাস মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে পানি জমে থাকায় প্রতিদিনই চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
পরিদর্শন শেষে আবু হেনা মোস্তফা কামাল দোলন বলেন, "এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটি ভোগান্তির বিষয়। জনগণের এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। জনগণের স্বার্থে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।"
এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কার এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









