মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু। এরপর জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান স্যাডি সিঙ্ক। এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিষেকের মাধ্যমে ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন এক মাইলফলক।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক। সিনেমা মুক্তির আগে তার চরিত্রটি গোপন রাখা হয়েছিল। ফলে ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তাকে নিয়ে কৌতূহল ও আলোচনা শুরু হয়।
৩০ জুলাই বেশ কিছু দেশে এবং ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটিতে স্যাডি সিঙ্ককে দেখা গেছে মার্ভেল কমিকসের অন্যতম শক্তিশালী চরিত্র জিন গ্রে হিসেবে।
এর আগে এক্স-মেন সিরিজের বিভিন্ন সিনেমায় জিন গ্রে চরিত্রটি দেখা গেলেও স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজিতে এবারই প্রথম চরিত্রটির উপস্থিতি দেখা গেল। জিন গ্রে মূলত মার্ভেলের একজন শক্তিশালী নায়িকা। তবে নির্দিষ্ট কিছু গল্পে তার ‘ডার্ক ফিনিক্স’ রূপটি প্রতিপক্ষ হিসেবেও হাজির হয়েছে।
স্যাডি সিঙ্কের অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে টম হল্যান্ডের সঙ্গে তার পর্দার উপস্থিতি এবং চরিত্রের গভীরতা নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে। অনেকের ধারণা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভবিষ্যৎ গল্পে স্যাডির জিন গ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মার্ভেলে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে স্যাডি সিঙ্ক জানিয়েছেন, স্পাইডার-ম্যান সবসময়ই তার সবচেয়ে প্রিয়। বিশেষ করে টম হল্যান্ডের স্পাইডার-ম্যানের তিনি ভক্ত। ছোটবেলা থেকে পছন্দের একটি চরিত্রের জগতে পরে নিজেই অংশ হয়ে যাওয়াকে দারুণ অনুভূতি বলেও উল্লেখ করেছেন তিনি।
‘স্ট্রেঞ্জার থিংস’র জনপ্রিয়তার পর এবার মার্ভেলের বড় পর্দায় স্যাডি সিঙ্কের নতুন যাত্রা তার ক্যারিয়ারকে আরও বড় পরিসরে নিয়ে যাবে বলেই মনে করছেন দর্শকদের অনেকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









