মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারিত হতে যাচ্ছে।
রবিবার (২ আগস্ট) থেকে নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে একযোগে শুরু হবে সিরিজটির প্রচার।
হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্পের বাইরে গিয়ে মুসলিম বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরা হয়েছে এই সিরিজে। এর কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি সেনানায়ক ও শাসক সালাহউদ্দিন আইয়ুবিকে ঘিরে।
নাগরিক টিভিতে সিরিজটি সপ্তাহে পাঁচ দিন—রবিবার থেকে বৃহস্পতিবার—প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে প্রতিদিন রাত ৯টায় দেখা যাবে নতুন পর্ব। এ ছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে দেখার সুযোগ থাকছে।
সিরিজটির মূল গল্পে উঠে এসেছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্ব ও বীরত্বের নানা অধ্যায়।
তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, যুদ্ধ ও অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে প্রচারের মধ্য দিয়ে ইতিহাসভিত্তিক এই তুর্কি প্রযোজনাটি স্থানীয় দর্শকদের জন্যও ভিন্নধর্মী বিনোদন ও ইতিহাস জানার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









