পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে সাহিত্য-সংস্কৃতি ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর উদ্যোগে দুলাই ইউনিয়নের বামুন্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘সবুজে ভরে উঠুক আমাদের সুজানগর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মান্নান। এতে উপস্থিত ছিলেন ‘আমাদের সুজানগর’ সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জাফরুল ইসলাম (রঞ্জু), আব্দুল মালেক খান (চঞ্চল), দেলোয়ার আকরাম ও রেজাউল করিম।
এছাড়াও অনুষ্ঠানে বামুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘‘পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী ও সচেতন নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’’
কর্মসূচির সমাপনী পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









