জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আটকের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। একই সঙ্গে দলটি অভিযোগ করেছে, গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, গাজী সালাউদ্দিন তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন বলে তারা দাবি করছেন, তার প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা না হলে জেলা ছাত্রদল আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, তাদের সংগঠন দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছে। তিনি দাবি করেন, গাজী সালাউদ্দিন তানভীর ও নাসিরুদ্দিন পাটওয়ারীর মতো ব্যক্তিদের সে সময় রাজপথে দেখা যায়নি। তিনি আরও বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে তাদের বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









