বগুড়ার কাহালু উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলার চারজন মাছ ব্যবসায়ী নওগাঁ থেকে মাছ বিক্রি করে ট্রাকে করে বগুড়া হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। পথে কাজিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ময়মনসিংহ জেলার মাছ ব্যবসায়ী ফরিদুলের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তবে বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









