নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (১ আগস্ট) সকালে এ ঘটনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নগরপাড়া-চনপাড়া সড়কের নগরপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে এক ব্যক্তিকে আটক করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, এরআগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই বিদ্যালয়ের ফ্যান, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “শুধু একজনকে আটক করলেই হবে না, ঘটনার নেপথ্যে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।”
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন বলেন, “একজনকে আটক করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









