প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলতে গিয়ে গত আসরে হোবার্ট হারিকেন্সের সেরা বোলার হয়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। এবারও নতুন মৌসুমের জন্য তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদ থাকায় দলের লেগস্পিন আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা করছে হোবার্ট।
নিজেদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে দলটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের এই তারকা। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে এবং ওভারপ্রতি ৭.৮২ রান খরচায় ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রিশাদ। নতুন মৌসুমেও দলটির হয়ে খেলার প্রতি তার আগ্রহ তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্টের উচ্চ পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস।
বিমস বলেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে। অ্যাডাম জাম্পাকে যুক্ত করায় আমাদের দলের গঠন কিছুটা বদলে গিয়েছিল। কিন্তু রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে ফিরিয়ে আনার সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস আরও বলেন, ‘গত মৌসুমে সে আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’
একই দলে রিশাদ ও অ্যাডাম জাম্পার মতো দুই মানসম্পন্ন লেগস্পিনার থাকায় বোলিং আক্রমণ সাজানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে হোবার্ট। প্রতিপক্ষ ও মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুজনকে ব্যবহার করার সুযোগ দলের কৌশলগত নমনীয়তা বাড়াবে বলে মনে করেন বিমস।
তিনি বলেন, ‘এখন আমাদের দলে উচ্চমানের দুজন লেগস্পিনার রয়েছে, যাদের শক্তির জায়গা আলাদা। ফলে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের সামনে বেশ আকর্ষণীয় কিছু বিকল্প থাকবে। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুজনকে একই দলে পাওয়ায় আমাদের কৌশলগত নমনীয়তা অনেক বাড়বে এবং বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে।’ আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৬তম আসর।
বিগ ব্যাশের ১৬তম আসরে হোবার্ট হারিকেন্সের স্কোয়াড
মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









