যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানা পুলিশ।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং জহুরুল ইসলামের স্ত্রী। জীবিকার তাগিদে তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে সাহানা বেগম ও তার মেয়ে শিরিনা খাতুনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে শিরিনা খাতুন ঘরে থাকা শিলপাটার নোড়া দিয়ে সাহানা বেগমের মাথা ও মুখে একাধিক আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত সাহানা বেগমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









