ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঢাকার ধোলাইপাড় থেকে দশমিনার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বাবলাতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবু জাফর জানান, উদ্ধার অভিযান শেষে বাসের ভেতরে আর কোনো যাত্রী আটকে নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া দিন চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









