শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী ওরফে ‘বোমা কুদ্দুস’কে (৫৫) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ, লুটপাট, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে মোট ৬২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক একটি মারামারির ঘটনায় দায়ের করা সিআর (CR) মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাজিরা থানা সূত্রে জানা গেছে, কুদ্দুস বেপারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হত্যা, বিস্ফোরণ, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মী রিয়াজুল তালুকদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানী ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, “কুদ্দুস বেপারীকে একটি মারামারির ঘটনায় দায়ের করা সিআর মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
উল্লেখ্য, কুদ্দুস বেপারী জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় সংঘটিত আলোচিত বোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









