“আমার ছেলেটা কোথায়, কেমন আছে—শুধু একবার ফিরে আসুক।” ১৩ বছরের শিশু মারুফ আলমের অপেক্ষায় এমনই আকুতি তার মা-বাবার। তিন দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন-রাত কাটছে পরিবারটির। স্বজনদের চোখেমুখেও উৎকণ্ঠা, বাড়িজুড়ে নেমে এসেছে নীরবতা।
নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় মারুফ। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে বের হয় সে। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেনি। সেই থেকে তার কোনো সন্ধান নেই।
সন্তানের ফেরার আশায় পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্নস্থানে সন্ধান চালিয়েও কোনো হদিস না পেয়ে অবশেষে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মারুফের পরিবার।
মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিনসের প্যান্ট।
মারুফের মা-বাবার আকুতি, “যে বা যারা আমাদের ছেলেকে দেখেছেন, দয়া করে খবর দিন। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।”
কোনো সহৃদয় ব্যক্তি মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা আছির আলমের ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাইয়ের ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









