বগুড়ায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, কৃষি ও প্রকৌশল অনুষদসহ আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টি বগুড়া শহরতলীতেই স্থাপিত হবে এবং অচিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত চূড়ান্ত স্থানের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
রবিবার (২ আগস্ট) বগুড়ায় ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “জেলার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির লক্ষ্যেই এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু পাঠদানকেন্দ্রিক প্রতিষ্ঠান হবে না; বরং বিশ্বমানের গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”
প্রতিমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের মাধ্যমে উন্নত শস্য গবেষণা, বায়োটেকনোলজি, আধুনিক কৃষিপ্রযুক্তি ও আঞ্চলিক কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যালসহ আধুনিক সব প্রকৌশল বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরি করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, “শহরতলীতে স্থান চূড়ান্ত হওয়ার পর জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু হবে।”
দীর্ঘদিনের দাবিকৃত এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









