পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি সংরক্ষিত বনে রাতের আঁধারে গাছ কাটার সময় চারজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর সংরক্ষিত বন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দশমিনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাটাখালী গ্রামের আমির মুন্সির ছেলে মো. হারুন মুন্সি, আলী আশরাফের ছেলে মো. মহসিন মৃধা, শরিফ মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাজিরহাট গ্রামের মৃত আলম বিশ্বাসের ছেলে মো. মনির বিশ্বাস।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর সংরক্ষিত বনে একটি চক্র গোপনে গাছ কাটছে, এমন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা রওশন হাসান বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তা পটুয়াখালী জেলা বন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দশমিনা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গাছ কাটারত অবস্থায় চারজনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি করাত, কুঠার, দা এবং ১০ থেকে ১২ আঁটি মোটা দড়ি উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ২০০টি ছোট-বড় গাছ কেটে মাটিতে ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়।
চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা রওশন হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাতের অভিযানে গাছ কাটার সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন ধ্বংস ও গাছ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









