পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে তিনদিনের জন্য কিশোরগঞ্জ জেলার আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে রান্না থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও সিএনজিচালিত পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার হাজারো মানুষ। রান্নার জন্য কেউ এলপিজি সিলিন্ডার, কেউ বৈদ্যুতিক চুলা, আবার কেউ কাঠের চুলার ওপর নির্ভর করছেন অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন। হোটেল-রেস্তোরাঁ ও ছোট শিল্পপ্রতিষ্ঠানেও উৎপাদন ও ব্যবসা ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনেও দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে বড় ধরণের ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র দিয়ে প্রায় দেড় মাস যাবত প্রচণ্ড গতিতে বের হচ্ছে গ্যাস। এ কারণেই গ্যাস সংকটে ভোগান্তির শিকার হচ্ছে পুরো কিশোরগঞ্জ জেলা।
উকিলপাড়া এলাকার গৃহিনী পাপিয়া আক্তার জানান, খাবার তৈরি করতে গ্যাসের বিকল্প কোনো পদ্ধতি নেই। এখন হঠাৎ করেই গ্যাস সরাবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের দৈনন্দিন খাবার রান্নার কাজে অনেক সমস্যা তৈরি হয়েছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. কামরুল ইসলাম বলেন, ‘‘আমাদের রুটি-রুজির অংশ এই গাড়িটি গ্যাসের মাধ্যমেই চলে। গত কয়েকদিন গ্যাস পাওয়া গেছে কম, কিন্তু এখন থেকে পুরোপুরি বন্ধ হওয়ায় ভীষণ ভোগান্তিতে পরেছি। এখন কোথায় গ্যাস পাব, আর কীভাবে পরিবার নিয়ে চলব বুঝতে পারছি না।’’
তিতাস গ্যাস ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক (অপারেশন) শামীম হোসেন বলেন, ‘‘গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। লাইনের ছিদ্রটি বড় হয়ে যাওয়ায় কয়েকদিনের জন্য কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। প্রায় ২০দিন ধরে মেরামত কাজ চলছে, আবহাওয়া খারাপ থাকায় প্রায়ই বৃষ্টি হচ্ছে, এতে মেরামত কাজে বিঘ্ন হচ্ছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই পাইপলাইন মেরামতের কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারব।’’
অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা চুনাপাথর কারখানায় অভিযান চালিয়েছে কটিয়াদী উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, “অভিযানে কারখানার তিনটি চুল্লি ভেঙে ফেলা হয়েছে এবং মজুত থাকা চুনাপাথর জব্দ করা হয়েছে। কারখানাটি পরিচালনার কোনো বৈধ অনুমোদন ছিল না। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









