পাকিস্তান দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ।
মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তান জাতীয় দলে স্থায়ী কোনো ব্যাটিং কোচ ছিলো না। মাঝে মধ্যে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন জাতীয় নির্বাচক আসাদ শফিক।
এবার দুই বছরের চুক্তিতে তিন সংস্করণেই পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্মিথকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ। সর্বশেষ মৌসুমে মুলতান সুলতানসের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়াও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪৬ বছর বয়সি স্মিথ।
আসন্ন ইংল্যান্ড সফর দিয়ে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি এবং ৪০টি হাফ-সেঞ্চুরিতে ৭ হাজার ২৯ রান করেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









