বগুড়ার শিবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার চকরামচন্দ্রপুর এলাকায় কিচক-মোকামতলা সড়কে পরিচালিত একটি মাদকবিরোধী চেকপোস্ট অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে একজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদক বহন করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে বাসের যাত্রী মো. সিয়াম হোসেন (২৭)-কে আটক করে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. শফিকুল ইসলাম।
আটকের সময় তার কাছ থেকে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরো জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









