মদপান করে মাতাল অবস্থায় সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে সদর থানার পুলিশ।
মঙ্গলবার (৪ঠা আগস্ট) মধ্যরাতে শহরের সদর থানার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে থানা সংলগ্ন এলাকায় মদপান করে মাতাল অবস্থায় চলাচল করেন হোসেন আহমেদ রাসেল। এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ নিয়মিত টহলে বের হলে তাকে মদপ্য অবস্থায় জনসমাগমের মধ্যে চলাচল ও অকথ্য ভাষা ব্যবহার করার দায়ে আটক করেন। বুধবার সকালে তাকে মাদকাসক্ত থাকার দায়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “পৌর শহরের থানা এলাকায় মদ পান করে মাতলামি করা ও অকথ্য ভাষায় কথা বলার অপরাধে তাকে আমরা আটক করে আদালতে প্রেরণ করেছি।”
এর আগেও ২০২০ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যান হোসেন আহমেদ রাসেল। তাছাড়া ২০১৯ সালে রোহিঙ্গা নাগরিকদের ভূয়া জন্মনিবন্ধনে সহায়তা করার অপরাধে পুলিশ বাদী হয়ে হোসেন আহমেদ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









