ঢাকার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে দুপুর ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে গুদামের পেছন দিকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে তারা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জিরাবো স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু আগুনের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। গুদামটিতে দাহ্য পদার্থ বেশি থাকার আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
এদিকে আগুনের তীব্রতার কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আশপাশের বাড়িঘরের বাসিন্দারা তাদের মালপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং তা নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাইয়ে রাজধানীর মহাখালীর কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









