শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার জনাব মো. শাহীন আকতার।
বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের মাদককে "না" বলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌতুকবিহীন সমাজ গড়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত লেখাপড়া করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









