প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
আদালতের আদেশের পর সালাউদ্দিন তানভীরকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে তার দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন।
এরআগে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তানভীরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন। আদালতের আদেশের পর আসামিকে কারাগারে নেওয়ার সময় তারা ডিম নিক্ষেপ করেন।
ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেন, “প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে তানভীরসহ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রবিবার (২ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালত প্রাঙ্গণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









