নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলাম চর সংলগ্ন নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে নৌ-পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ২২ জনকে আটক করা হয়।
বুধবার (৫ আগস্ট) আটককৃতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
এরআগে, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে নলচিরা নৌঘাটে আনা হয়।
নৌ-পুলিশ ও নলচিরা বনবিভাগের সূত্রে জানা যায়, হাতিয়াধীন ইসলাম চর এলাকায় বহিরাগত কতিপয় ব্যক্তি অবৈধভাবে স্থানীয় বনের কেওড়া-গেওয়া গাছ ও ডাল দিয়ে নদীতে ঘের তৈরি করে বিপুল পরিমাণ মাছ শিকার করছে। এতে করে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রায় দুর্ঘটনাও ঘটছে। এসব অবৈধ ঘেরে বালি ও পলি আটকে নদীর নাব্যতা হারাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছে উন্মুক্ত এ নদীর মাছ ধরার সুবিধা থেকে। তাই এ অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরবালি এলাকার আমিনুল ইসলামের ছেলে অলি উদ্দিন (৩৫), একই ইউনিয়নের মৃত-মালেকের ছেলে ইব্রাহিম (৩০), মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. মাঈন উদ্দিন (৩৫), মৃত-মোল্লা কোম্পানির ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬), নুর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০), মৃত-শামসুল হকের ছেলে মইনুদ্দিন (২৭), মৃত-মোস্তাফিজুর রহমানের ছেলে মো. সেলিম (৩০), মো. মোস্তাফার ছেলে মো. সোহেল (২৭), জয়নাল আবেদীনের ছেলে মো. হামিদ (৩০), মৃত-নূর আহম্মদের ছেলে নুর জামাল, মৃত-সোলায়মান (বাসু মাঝি)'র ছেলে জাফরুল্লাহ জাকের (৪৮), মৃত-কাসেমের ছেলে মনির হোসেন (২৫), মৃত-জয়নাল উদ্দিনের ছেলে নূর করিম (২৮), কোম্পানিগঞ্জ থানার চর এলাহি ইউনিয়নের মৃত-আব্দুল মালেকের ছেলে মো. বেলাল (২৩), একই এলাকার আবুল কালামের ছেলে মো. আকবর (২৩), একই এলাকার মো. মোস্তাফার ছেলে মো. শরীফ (৩০), নূর হোসেনের ছেলে সোহাগ (২৮) এবং বাকীরা অপ্রাপ্ত বয়স্ক কিশোর বিধায় ওদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানান অভিযান পরিচালনাকারী টিম।
নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক জানান, বহিরাগত এসব অভিযুক্তরা ইসলাম চরে অবৈধভাবে বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে ঘের তৈরি করে মাছ শিকার করছে। তাই তাদেরকে আটক করা হয়।
হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের তৈরিতে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এদেরকে আটক করা হয়।
তিনি বলেন, ‘‘অবৈধ চর ঘেরা জাল ও মৎস্য আইনে ৫(১) ধারায় মামলা দিয়ে তাদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









