জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
তিনি বলেন, “জনগণের দীর্ঘ লড়াই ও ত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে সংহত করতে একতার কোনো বিকল্প নেই। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ১১ দলীয় ঐক্য রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে। জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে।”
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রটারী সুজা উদ্দীন জোয়ার্দার, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি এবং এবি পার্টির নেতা বেলাল মাহমুদ, আহত জুলাই যোদ্ধাদের নেতা উল্লাস হোসেন।
সমাবেশে জোটের বিভিন্ন শরীক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে বড় বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









