প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে তারাবো পৌর যুবদল।
বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৌর যুবদল ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে মশাল মিছিলটি রূপসী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন-পীড়ন ও নানা বাধা উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
আফজাল কবির বলেন, ‘‘তারেক রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কটূক্তি কিংবা অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের প্রচারণার বিরুদ্ধে দলের নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন।’’
তাছাড়া বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথেই প্রতিহত করা হবে বলে ঘোষনা দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









