ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের উদ্ধারকাজ স্থগিত করেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল ইসলাম উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ব্রহ্মপুত্র নদে একটি নৌকার পাটাতন স্রোতে ভেসে যেতে দেখে তা উদ্ধারে নদীতে নামেন সাইফুল ইসলাম। এসময় নদীর তীব্র স্রোতের কবলে পড়ে তিনি তলিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, সাইফুলের তলিয়ে যাওয়া দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে নদীজুড়ে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে নিজস্ব ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ স্টেশন থেকে একটি বিশেষ উদ্ধারকারী টিমকে তলব করা হয়। পরে ময়মনসিংহের ফায়ার সার্ভিস ডুবুরি দলের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের দল বিকেল ৫টার দিকে নদী এলাকায় তল্লাশি শুরু করে।
উদ্ধার অভিযানের বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালায়। তবে স্রোত বেশি থাকা ও কোনো খোঁজ না মেলায় এবং পরবর্তীতে সন্ধ্যা নেমে আসায় প্রথম দিনের অভিযান আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









