ঢাকার ধামরাইয়ে সড়কে হঠাৎ ছুটে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় বজলুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কালামপুর–সাটুরিয়া সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালামপুরগামী একটি ট্রাকের সামনে হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে চালক জরুরি ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বজলুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৪ ঘণ্টায় একই স্থানে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। ঘন ঘন দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, কার্যকর গতিনিয়ন্ত্রণের অভাব এবং প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ স্থানটিতে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ট্রাফিক তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









