সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি মো. জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। স্টেট ডিফেন্স লয়ার মো. কামাল তৈয়ব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার মাত্র তিন মাসের মাথায় এ মামলার রায় হলো। এর আগে ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে জাকির হোসেন এবং তার দুই সহোদর জয়নাল আহমদ ও আবুল কালামকে আসামি করা হয়।
অভিযোগপত্রে জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়। অপরদিকে, লাশ গুমে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়।
নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) একই গ্রামের পশ্চিমপাড়া ধন রায়ের চক এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় ফাহিমা। দুই দিন পর, ৮ মে রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ১১ মে রাতে ফাহিমাকে হত্যা মামলায় তার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









