২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত হলেও, কোথায় এই প্রতিযোগিতা হবে তা এখনও নির্ধারণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জুলাইয়ে আইসিসি ২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো ঘোষণা করে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ দলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
অন্যদিকে, বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো বিশ্বকাপের প্রথম ধাপ, অর্থাৎ ‘সুপার সিরিজ’-এ খেলবে। সেখানে সেরা দলটি মূল ১২ দলের পর্বে জায়গা করে নেবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আগামী ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১০ দলের বাছাইপর্বে খেলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে নিচের দুই পূর্ণ সদস্য দেশ। এছাড়া থাকবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাই প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল।
বিশ্বকাপ বাছাই প্লে-অফে অংশ নেবে লিগ-২-এর নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের চার দল। তবে এই প্রতিযোগিতার ফরম্যাট এখনও চূড়ান্ত হয়নি। প্লে-অফ থেকে সেরা চার দল মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।
চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দল থাকবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। প্রতিটি দল তিনটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল বিশ্বকাপ বাছাই প্লে-অফে উঠবে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে। র্যাঙ্কিং নির্ধারণের শেষ সময়সীমার আগে তাদের হাতে রয়েছে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ, যা সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলবে।
তবে আফগানিস্তান (র্যাঙ্কিংয়ে অষ্টম) ও আয়ারল্যান্ডের (১২তম) মধ্যকার আসন্ন সিরিজের ফলও গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আয়ারল্যান্ড ৪-১ বা ৫-০ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ আটে ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু আফগানিস্তান সিরিজ জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্ব পেরোতেই হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে অনুষ্ঠিত বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার ওভারে হেরে তারা বিশ্বকাপে ওঠার সুযোগ হারিয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









