কুষ্টিয়ার খোকসায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট)রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়ির গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায় , উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন নাফিজ আহমেদ খান রাজু। বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিপথ রোধ করে। হামলাকারীরা পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই ধারালো চাপাতি দিয়ে তার পায়ে কোপ দেয় এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
রাজুর আর্তচিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটির ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে চেপে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, চিৎকার শুনে বাইরে এসে দেখা যায় হামলাকারীরা গেটের সামনে দাঁড়িয়ে গুলি ও ককটেল ছুড়ছে। জীবন বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা গেট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলার পর আহত নাফিজ আহমেদকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন নাফিজ আহমেদ খান রাজু অভিযোগ করে বলেন, "সামনে খোকসা পৌরসভা নির্বাচন। নির্বাচনে যাতে আমি প্রার্থী হতে না পারি, সে জন্যই চিহ্নিত সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলেও কোনো প্রতিকার মেলেনি।"
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুলিবর্ষণের পর পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









