ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একযোগে আটটি গ্রুপে এই পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য নির্ধারিত এই পরীক্ষায় আবেদনকারীদের প্রায় ৯৫ শতাংশ অংশ নেন। এতে তথ্য সংগ্রহকারী পদে ৯২৫ জন এবং সুপারভাইজার পদে ১৩৯ জন বৈধ প্রার্থী পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরীক্ষা সচল ও সুশৃঙ্খল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে সুপারভাইজার পদপ্রার্থীদের জন্য একটি বিশেষ ভাইভা বোর্ড গঠিত হয়। এছাড়া নাজিরপুর, বিয়াঘাট, ধারাবারিষা, মশিন্দা, খুবজিপুর, চাপিলা ইউনিয়ন এবং গুরুদাসপুর পৌরসভার জন্য যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, মৎস্য কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে পৃথক সাতটি টিম তথ্য সংগ্রহকারীদের পরীক্ষা গ্রহণ করে।
স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে উত্তীর্ণদের মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা খুব শীঘ্রই গুরুদাসপুর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









