পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘‘পাবনাকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। পুলিশ ও সাংবাদিক—উভয়েই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’
সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘‘পাবনার ঐতিহ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের সব গঠনমূলক কর্মকাণ্ডে জেলার সাংবাদিক সমাজ সর্বাত্মক সহযোগিতা করবে। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।’’
অনুষ্ঠানে পাবনা প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশি সেবার মানোন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। জবাবে পুলিশ সুপার এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তারা পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পাবনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









