ছক্কা মেরেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ইংল্যান্ডের জস বাটলার। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মার্কো ইয়ানসেনের বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে যান তিনি। ওই শটে বাটলারের টি-টোয়েন্টি রান দাঁড়ায় ১৪ হাজার ৮৩৩-এ। পোলার্ডের সংগ্রহ ছিল ১৪ হাজার ৮০৩ রান।
ম্যাচে এরপরও থামেননি বাটলার। ২০ বলে ৫১ রান করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। টি-টোয়েন্টিতে ৫২২ ম্যাচের ক্যারিয়ারে এটি তার আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
বাটলারের আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পোলার্ড। তার আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। ২০২২ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় নেওয়া গেইল করেছিলেন ১৪ হাজার ৫৬২ রান। এরপর পোলার্ড তাঁকে ছাড়িয়ে রেকর্ডটি ১৪ হাজার ৮০৩ রানে নিয়ে যান।
বাটলার এখন ৫২২ ম্যাচ খেলে এই রেকর্ডে শীর্ষে। তাঁর মোট রানের মধ্যে ‘দ্য হান্ড্রেড’-এ করা ১ হাজার ১৯২ রানও রয়েছে। ক্রিকেট পরিসংখ্যানে এই প্রতিযোগিতার ম্যাচগুলো টি-টোয়েন্টি হিসাবের অন্তর্ভুক্ত।
শুরুটা হয়েছিল নিচের দিকে ব্যাট করে
বাটলারের টি-টোয়েন্টি যাত্রা শুরু ২০০৯ সালে। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সোমারসেটের হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৯ বছর বয়সে অভিষেক হয় তার। তখন ব্যাটিংয়ে নয় নম্বরে নামতেন তিনি।
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের সময়ও তিনি ছিলেন মূলত নিচের দিকে ব্যাট করা ফিনিশার। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক করেন। এরপর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতক পান।
ওপেনিংয়ে বদলে যায় বাটলারের ব্যাটিং
২০২১ সালের পর থেকেই তার রান করার গতি আরও বেড়ে যায়। এই সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে তার নয়টি শতক এসেছে। নিচের দিকে ব্যাট করার বদলে ওপেন করতে শুরু করার পর তার সাফল্য আরও বাড়ে।
পাওয়ারপ্লেতে তার গড় প্রায় ৪৩ রান। আর ইনিংসের শেষ পাঁচ ওভারে তার স্ট্রাইক রেট ১৮৪—যা তাঁর ভয়ংকর ব্যাটিংয়ের প্রমাণ।
সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালানের মতে, বাটলারের শক্তি তাঁর কবজির ব্যবহার ও বলকে অফ সাইডে মারার ক্ষমতায়। সাবেক পেসার স্টিভেন ফিনও বাটলারের শক্তিশালী কবজি ও ব্যাটের আলাদা শব্দের কথা উল্লেখ করেছেন।
বোলারদের বিরুদ্ধেও বাটলার বেশ ভারসাম্যপূর্ণ। পেস, অফস্পিন ও বাঁহাতি স্পিনের বিপক্ষে তাঁর গড় প্রায় ৩৭ থেকে ৩৮। ছোট বলেও তিনি অত্যন্ত কার্যকর। ২০২১ সালের পর ছোট বলে তাঁর গড় ৭৪।
৮ সেপ্টেম্বর ৩৬ বছরে পা দেবেন বাটলার। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮। বয়স বাড়লেও তার ব্যাটিংয়ে এখনো পতনের স্পষ্ট লক্ষণ নেই। ফলে ইংল্যান্ডের হয়ে ভবিষ্যতেও তাকে বড় ভূমিকা রাখতে দেখা যেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









