কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীখ্যাত আল্লারদর্গা বাজারে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লারদর্গা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসিরনগর থেকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারসহ মোট ২ কিলোমিটার রাস্তায় রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) ঢালাই দেওয়া হবে। একই সাথে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য সড়কের উভয় পাশে টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এ কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “আল্লারদর্গা বাজারের এই জরাজীর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে দৌলতপুরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল। অবহেলা ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে কুষ্টিয়া সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। এবার সুপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে মজবুত সড়ক তৈরি করা হচ্ছে, যাতে আগামী বহু বছর এখানে জলাবদ্ধতা বা সড়ক ভাঙনের সমস্যা না থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









