বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের পর রোগীদের সুস্থতা নিশ্চিত করতে ফলো-আপ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকির ব্যবস্থা করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন চক্ষু বিশেষজ্ঞ এবং একজন প্যারামেডিক অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় যেসব রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছিল, তাদের মধ্যে ২৮ জনের ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন।
চিকিৎসকরা রোগীদের চোখের বর্তমান অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। একই সঙ্গে অপারেশনের পর করণীয় বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন করা হয়, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ফলো-আপ ক্যাম্পে রোগীদের চিকিৎসার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, অস্ত্রোপচারের পর আবারও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেয়ে তারা আত্মবিশ্বাসী হয়েছেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এবং লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









