জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই যাতে করে কোন শিশু অবহেলার শিকার না হয়। অসহায় পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনায় যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি, ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু করেছি। পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম-খতিবদের ভাতা প্রদান করা হবে।’’
প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, ‘‘আমরা শিক্ষিত বেকারদের তালিকা করতে বলেছি তাদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’’
এছাড়াও তিনি, বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের রাস্তা গুলোতে উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৮ জন অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









