শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এক হাজার ৬০০ শিক্ষার্থীর ধারণক্ষমতাসম্পন্ন আটতলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে নতুন বাস ও অটোরুটিন সফটওয়্যার উদ্বোধন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদকজয়ী ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডিইও-৪) ও প্রকল্প পরিচালক মো. সুলতান মাহমুদ এবং নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি; অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি; উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ মোহায়মিনুল কবীর এবং উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ সামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে। এতে একসঙ্গে এক হাজার ৬০০ শিক্ষার্থীর আসনসংকুলান হবে। ভবনটি নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধান অতিথি প্রতিষ্ঠানের নতুন ৪৫ আসনবিশিষ্ট বাস উদ্বোধন করেন। বাসটি প্রতিষ্ঠান থেকে দিনাজপুরের দশমাইল রুটে চলাচল করবে।
প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অটোরুটিন সফটওয়্যারের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ক্লাস রুটিন তৈরি ও ব্যবস্থাপনা, ক্লাস সমন্বয়, ছুটির কার্যক্রম এবং পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষাকার্যক্রম পরিচালনা সহজ হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থীকে পুরস্কার দিয়ে সংবর্ধিত করেন প্রধান অতিথি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









