‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা ও চেক বিতরণ করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রইসুল আলম চৌধুরী, সাবেক সদস্য গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল আলম, আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, প্রভাষক সেলিম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। দেশের সার্বিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাম রব্বানী প্রধান, ইয়াং লাইট সমবায় সমিতির পরিচালক মো. রফিক দীন আল আজীসহ একাধিক সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তির মধ্যে চেক বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









