বগুড়ার সদর উপজেলায় ১১ ঘণ্টার ব্যবধানে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা শিশুও গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে একই সড়কের কাছাকাছি স্থানে আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৭)। আহত শিশু জুলকার নাঈন (৮) নিহত বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাবুল হাসান তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান নিহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান।
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে একই সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হন। একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









