নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
আটক যুবক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
সদর থানার ওসি মনসুর রহমান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষে সবাই মঞ্চ থেকে নামার সময় মন্ত্রী ও হুইপের কাছাকাছি চলে যায়। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “পথসভা শেষে মন্ত্রী ও হুইপ মহাদয় গাড়িতে উঠার সময় এক যুবক এগিয়ে আসলে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পিস্তলটা কি ধরণের যাচাই-বাছাই করে বিস্তারিত বলা যাবে। আটক ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পর্যটন মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









