চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপসহ এক মাদককারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত রাত থেকে শনিবার (০৮ আগস্ট) ভোররাত পর্যন্ত বিজিবির সোনামসজিদ ও আজমতপুর বিওপি এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প ৬৮ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপসহ মোঃ রাজিব আলী (২৯) নামের এক যুবককে আটক করা হয়। আটক রাজিব কামালপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।
অপরদিকে, আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃত আসামি ও জব্দকৃত মাদকের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









